হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কলকাতা, ১০ মে: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মদিন পালিত হলো কলকাতার দুই ভিন্ন আয়োজনে। 'ইয়ং কলকাতা' ও 'ভারত ভাবনা' সংস্থা পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানায় কবিগুরুকে।
ইয়ং কলকাতায় কবিতা-গানে বরণ
ইয়ং কলকাতার কার্যালয়ে আয়োজিত হয় 'কবি প্রণাম' অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের আহ্বায়ক সনাতন হালদার। অনুষ্ঠানে কবিতা, গান এবং স্বদেশী চেতনায় রবীন্দ্রনাথের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃৎ, জাতীয় সংগীতের স্রষ্টা বিশ্বকবির আদর্শকে সামনে রাখার ওপর গুরুত্ব দেন।
বিপ্লব তীর্থে 'ভারত ভাবনা'র শ্রদ্ধার্ঘ্য
অন্যদিকে উত্তর কলকাতার বিপ্লব তীর্থ (মুরারি পুকুর বোমার মাঠে) 'ভারত ভাবনা' সংস্থার উদ্যোগে পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। সংস্থার সভাপতি তরুণ ব্যানার্জী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কবিগুরুর জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। অনুষ্ঠানে এলাকার ছোটো ছেলেমেয়েরা কবিতা ও গান পরিবেশন করে এবং আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
উভয় আয়োজনেই রবীন্দ্রচেতনাকে জনমনে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রতিবেদন: গোপাল চক্রবর্তী
আপনার কমেন্ট